dailyjanakantha.com · Feb 22, 2026 · Collected from GDELT
Published: 20260222T133000Z
জাতীয় পার্টিকে নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন,অন্তর্বর্তী সরকারে নির্দেশনায় ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে তাদের দলকে হারানো হয়। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে জাতীয় পার্টি আয়োজিত এক সংবাদ সন্মেলনে তিনি এ অভিযোগ করেন। এসময় দলের পক্ষ থেকে তিনি সারাদেশের বিভিন্ন আসনের ভোটে অনিয়মের তথ্য-উপাত্ত তুলে ধরেন। সংবাদ সন্মেলনে শামীম পাটোয়ারী বলেন, জাতীয় পার্টি যেন একটি আসনেও না জিতে এবং শতকরা এক ভাগও ভোট না পায় তার জন্য নীলনকশার নির্বাচন করা হয় এবং জাতীয় পার্টির শক্তিশালী আসনগুলোতে ৩য় করা হয়েছে। এমনকি জামানত বাজেয়াপ্ত করার ব্যবস্থা করা হয়েছে যা পূর্ববর্তী নির্বাচনের ফলাফলের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। জাতীয় পার্টি জন্য যা বিস্ময়কর। তথাপি জাতীয় পার্টি তারেক রহমান ও নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে। নতুন সরকার প্রতিহিংসা পরিহার করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করবে এমন প্রত্যাশা করে তিনি বলেন, গত ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিতে গিয়ে জাতীয় পার্টি মবের শিকার হয়েছে। এ ধরনের আচরণ রাজনীতিতে অনাকাঙ্ক্ষিত, এর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।