
ntvbd.com · Mar 1, 2026 · Collected from GDELT
Published: 20260301T034500Z
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানজুড়ে ইসরায়েলের বিধ্বংসী হামলা ও পাল্টাপাল্টি আক্রমণে পুরো মধ্যপ্রাচ্য এখন এক অনিয়ন্ত্রিত যুদ্ধের কবলে। খবর আল জাজিরার। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় কেবল খামেনিই নন, তার কন্যা, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েলি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ‘মেজর কমব্যাট অপারেশন’ বা ‘বড় যুদ্ধ অভিযান’ ঘোষণা করেছেন। তিনি সাফ জানিয়েছেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অর্থাৎ সারা সপ্তাহ বা প্রয়োজনে তার চেয়েও বেশি সময় ধরে বোমা হামলা অব্যাহত থাকবে। এরই মধ্যে দক্ষিণ ইরানের একটি স্কুলে হামলায় ১০৮ জন ও ২৪টি প্রদেশে অন্তত ২০১ জন নিহত হওয়ার খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। সর্বোচ্চ নেতার মৃত্যুর পর ইরান তার প্রতিশোধমূলক হামলার পরিধি আরও বিস্তৃত করেছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, জর্ডান, সৌদি আরব ও ইরাকে অবস্থিত ইসরায়েলি ও মার্কিন সামরিক সম্পদ লক্ষ্য করে ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যুদ্ধের ভয়াবহতা বিবেচনায় মধ্যপ্রাচ্যের একাধিক দেশ ইতোমধ্যে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।