dailyinqilab.com · Feb 27, 2026 · Collected from GDELT
Published: 20260227T201500Z
‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ সেøাগানে আজ শনিবার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। দিনটি উপলক্ষে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছে দলটি। মধ্যপন্থি ধারার রাজনীতি এবং রাজনীতিতে নতুন বন্দোবস্তের ঘোষণা দিলেও এক বছরে তেমন কিছুই দিতে পারেনি; বরং দলটির কয়েকজন নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। শুধু কী তাই মধ্যপন্থি দল ঘোষণা দেয়া হলেও স্বাধীনতাবিরোধী ইসলামী মৌলবাদী দল হিসেবে পরিচিত জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট গঠন করেছে। নতুন বন্দোবস্তের বদলে জামায়ারেত পকেটে ঢুকে গেছে। প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি। সেখানে দলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির নেতারা এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে যান। ওই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা কিছু শিক্ষার্থীর উদ্যোগে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি এনসিপির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংস্কার ও জুলাই হত্যাকা-ের বিচার দাবিতে সরব ছিল দলটি।রাজনীতিতে মধ্যপন্থি ধারা এবং নতুন বন্দোবস্তের ঘোষণা দিয়ে দলটি প্রতিষ্ঠা করা হলেও এক বছরে দলটি তেমন কিছুই দিতে পারেনি; বরং ক্ষমতার লোভ এবং এমপি-মন্ত্রীর লোভ সংবরণ করতে না পেরে স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট গঠন করেছে। দলটির কেন্দ্রীয় নেতাদের বড় একটি অংশের বিরুদ্ধে বিপুল চাঁদাবাজির অভিযোগ উঠেছে। বিএনপির কাছ থেকে প্রত্যাশিত আসন না পেয়ে এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যে যুক্ত হয়ে ৩০টি আসনে প্রার্থী দিয়েছিল। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এক বছর ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচিত দল হিসেবে থেকে প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করা এনসিপি আজ শনিবার এক বছরে পা দিতে যাচ্ছে। কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি তুলে ধরেন দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি এনসিপির এক বছর পূর্তি। এই দিনটি উপলক্ষে গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, ফ্যাসিবাদবিরোধী দল সংগঠন, সাংবাদিক, শিক্ষক, শ্রমিকসহ সবাইকে নিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি।২৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয়ভাবে ঢাকার ধানমন্ডিতে আবাহনী মাঠে এনসিপির ইফতার মাহফিল হবে উল্লেখ করে আরিফুল বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের অসংখ্য সহযোদ্ধা, বন্ধু ও সাংবাদিকদের নিয়ে দলের পক্ষ থেকে সম্মিলিতভাবে ইফতার করা হবে। সেখানে চিত্র প্রদর্শনীও চলবে। পাশাপাশি দীর্ঘ এক বছরে দলটির রাজনৈতিক পথচলার উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি ধারাবাহিক প্রোমো থাকবে। নাম হবে স্ট্রিট ওয়াল। সেখানে থাকবে ফটো বুথও। ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টায় এই আয়োজন শুরু হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২ মার্চ চট্টগ্রাম, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী ও ১১ মার্চ রংপুরে বিভাগীয় এবং ৩ মার্চ কুমিল্লায় ইফতার মাহফিল করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছে এনসিপি। এনসিপির নেতা, জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও গুণীজনরা এসব ইফতারে অংশ নেবেন বলে তারা জানিয়েছে। সংবাদ সম্মেলনের পর এক বিজ্ঞপ্তিতে এনসিপি জানিয়েছে, ১৩ মার্চ দলের ঢাকা মহানগর উত্তর ও ১৪ মার্চ ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে ইফতার মাহফিল হবে।এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহউদ্দিন সিফাত এই সংবাদ সম্মেলন সঞ্চালনায় দলের কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষার, সাদিয়া ফারজানা দিনা, লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।