jugantor.com · Feb 17, 2026 · Collected from GDELT
Published: 20260217T141500Z
বিএনপির ভাইস চেয়ারম্যান ও মাগুরা-২ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) নিতাই রায় চৌধুরী মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। তাকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।মাগুরা-২ (শালিখা, মহম্মদপুর ও সদরের আংশিক ) আসনে জামায়াত প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হাসেন বিএনপির প্রার্থী নিতাই রায় চৌধুরী।তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৬৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত মুশতারশেদ বিল্লাহ দাঁড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ১৪ হাজার ৯৯৯ ভোট।নিতাই রায় চৌধুরী এর আগেও মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। চতুর্থ জাতীয় সংসদে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালন করেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে।১৯৯০ সালের ২ মে থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ১৯৯০ সালের ৯ সেপ্টেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরশাদ সরকারের পতনের পর তিনি বিএনপিতে যোগ দিয়ে বর্তমানে দলটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।