
ntvbd.com · Feb 17, 2026 · Collected from GDELT
Published: 20260217T193000Z
বিএনপি যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পানিসম্পদমন্ত্রী হওয়ার খবরে দলের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেছেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত আলাদাভাবে নেতাকর্মীদেরকে শহরে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। আজ বিকেলে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহবাজ মাহমুদ চৌধুরী জিদান নেতাকর্মীদের নিয়ে শহরের হাসপাতাল সড়কে জনসাধারণের মধ্যে মিষ্টি বিতরণ করেন। রাতে যুবদলের নেতাকর্মীরা শহরের উপকণ্ঠে মিষ্টি বিতরণ করেন। ছাত্রদলনেতা জিদান চৌধুরী বলেন, এ্যানি চৌধুরী আমাদের গর্ব। ছাত্র রাজনীতি থেকে তিনি এখন বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী। এ গৌরব শুধু বিএনপির নয়, লক্ষ্মীপুরসহ পুরো দেশের গৌরব। তার হাত ধরে লক্ষ্মীপুরে আমূল উন্নয়ন হবে। তিনি কৃষিভিত্তিক অর্থনৈতিক জোন হিসেবে লক্ষ্মীপুরকে ঢেলে সাজাবেন বলে আমরা আশাবাদী। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অষ্টম জাতীয় সংসদে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। নবম জাতীয় সংসদ নির্বাচনে এমপি হয়ে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে তিনি বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক নির্বাচিত হন। ২০১৬ সালে তাকে বিএনপির প্রচার সম্পাদক করা হয়। তিনি বিএনপির ত্রাণ ও পুনর্বাসন কমিটির সমন্বয়ক, বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব এবং জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছেন। ২০০১-২০০৮ সাল পর্যন্ত শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সর্বদলীয় সংসদীয় গ্রুপের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১০ সালে তিনি দলের ভাইস চেয়ারম্যান হিসেবে নিউইয়র্কে জাতিসংঘ সভায় প্রতিনিধিত্ব করেন। ২০১৩ সালে বাংলাদেশ জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। সংশ্লিষ্ট সংবাদ: সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭ ফেব্রুয়ারি ২০২৬